মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে BAT কোম্পানিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

হারুন অর রশীদ
জুলাই ২১, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেও স্থায়ী নিয়োগ না পাওয়ার অভিযোগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) কোম্পানিতে কর্মরত ক্যান্টিন (কনজিউমার/কনসেশন), এক্স.টি (ফিক্সড টেকনিশিয়ান) ও অফিস কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীরা চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আন্দোলনকারীরা বলেন, বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও অনেক কর্মচারী এখনো স্থায়ী নিয়োগ থেকে বঞ্চিত। এতে তাদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে। তাই আর বিলম্ব না করে দ্রুত চাকরি স্থায়ীকরণের সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান তারা।

এক দফা দাবিতে আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে কর্মীরা জানান, তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

কর্মসূচির ব্যানারে উল্লেখ করা হয়, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAT) কোম্পানিতে এক্স.টি (ফিক্সড টেকনিশিয়ান) ও অফিস কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সংগ্রামী এক্স.টি ট্র্যাক জোট ও অফিস কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীদের প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত তাদের দাবি বিবেচনা করে দীর্ঘদিনের কর্মজীবনের যথাযথ মূল্যায়নের মাধ্যমে স্থায়ীকরণের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।