নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি, যিনি পরিচিত শরীফ ওমর নামে। শনিবার রাতের দিকে তিনি এই জিডি করেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, নিরাপত্তাজনিত শঙ্কার কথা উল্লেখ করে ওমর বিন হাদি জিডিটি করেছেন। তবে এতে কোনো সুনির্দিষ্ট হুমকি, ঘটনা বা ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাই মূলত তুলে ধরা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে জিডির ঘটনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। রাবেয়া ইসলাম সম্পা নামে এক ব্যক্তি এ সংক্রান্ত একটি পোস্টের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে মন্তব্য করেন, যেখানে ব্যক্তিগত ও পারিবারিক প্রসঙ্গ টেনে আনা হয়। তার সেই পোস্টও অনলাইনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকার ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। এর আগেই তার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন পুল থেকে একটি গাড়ি ও একজন গানম্যান সরবরাহ করেছিল।
প্রসঙ্গত, শরীফ ওসমান হাদি জুলাই অভ্যুত্থানসহ পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন। তবে গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এই প্রেক্ষাপটে পরিবারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেওয়ায় ওমর বিন হাদির জিডি করা ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে।
