পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী।
পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী প্রাক্তন স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে বিচার চেয়েছেন। সামাজিকমাধ্যমে নিজের শরীরে থাকা আঘাতের চিহ্নের ছবি প্রকাশ করে তিনি জানান, দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করলেও অবশেষে নীরবতা ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি ইকরাকে মারধর করা হয়। তার অভিযোগ, প্রাক্তন স্বামী দীর্ঘ সময় ধরে তাকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং একপর্যায়ে ছুরি দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেন। ঘটনার পর তিনি থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।
সম্প্রতি আঘাতের ছবি ও এফআইআরের কপি শেয়ার করে ইকরা লিখেছেন,
“নীরবতা অপরাধীকে রক্ষা করে, ভুক্তভোগীকে নয়।”
তিনি আরও বলেন, বহুদিন ধরে সহ্য করলেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসই তাকে কথা বলতে বাধ্য করেছে।
এক আবেগঘন পোস্টে আল্লাহর প্রতি ভরসা প্রকাশ করে তিনি উল্লেখ করেন, আল্লাহ সব অন্যায় ও অশ্রু সম্পর্কে অবগত। সূরা ইব্রাহিমের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, জালেমরা যা করে আল্লাহ তা থেকে গাফেল নন এবং অত্যাচার শক্তির নয়, বরং ভীরুতার পরিচয়।
ন্যায়বিচারের প্রত্যাশা জানিয়ে সব নারীর নিরাপত্তা ও সাহসের জন্য দোয়া চান ইকরা। তবে পরবর্তীতে রহস্যজনকভাবে তিনি সেই পোস্ট মুছে ফেলেন। বর্তমানে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্টটি আর দেখা যাচ্ছে না, এবং এ বিষয়ে আলাদা করে কোনো ব্যাখ্যাও দেননি তিনি।
সূত্র: ব্র্যান্ড সিনারিও
