পটুয়াখালীর কলাপাড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৬০০ (ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নুরুজ্জামান হাওলাদার (৩২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নুরুজ্জামান কলাপাড়া থানার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২১ জুন) পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, কুয়াকাটা-বরিশাল মহাসড়কের ঘোটাবাছা এলাকায় এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদ পাওয়ার পর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ বাদল ফকিরসহ ডিবির একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। শনিবার (২০ জুন) সকাল আনুমানিক ৯টা ০৫ মিনিটে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নুরুজ্জামান হাওলাদারকে ধাওয়া করে হাতেনাতে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-২৫, তারিখ: ২০-০৬-২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গ্রেফতারকৃত নুরুজ্জামান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পটুয়াখালী জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশের কঠোর অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে।
