বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে র‍্যাবের জালে মাদক কারবারি: ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট উদ্ধার

অপূর্ব সরকার
জুন ১৬, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের অভিযান: বিপুল গাঁজা ও জাল নোট উদ্ধার, আটক এক। ফাইল ছবি

পটুয়াখালীতে র‍্যাবের অভিযানে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৩০ হাজার টাকার জাল নোটসহ মোঃ আসাদুজ্জামান নামে এক মাদক ও জাল টাকা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প)-এর একটি আভিযানিক দল।

মঙ্গলবার (১৬ জুন) র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, এক চোরাচালানকারী বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও জাল নোট বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল পটুয়াখালী সদর থানাধীন কালিকাপুর টোল প্লাজার উত্তর পাশে মহাসড়কের ঢালে অবস্থান নেয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তি মোঃ আসাদুজ্জামানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের কাছে জাল টাকা এবং পৃথক স্থানে বিপুল পরিমাণ গাঁজা মজুদের কথা স্বীকার করেন। তার দেখানো মতে, ৩০ হাজার টাকার সমমূল্যের জাল নোট এবং টেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব-৮, সিপিসি-১-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় জাল নোট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‍্যাবের কঠোর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ও জাল টাকা চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।