পটুয়াখালীর দুমকি উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে র্যাব-৮। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে চালকসহ তিন মাদক কারবারি চলন্ত গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার (৭ জুলাই) র্যাব জানায়, ঢাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র বিপুল পরিমাণ অবৈধ গাঁজা বিক্রির উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে নিয়ে আসছে—এমন একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তথ্যের সত্যতা যাচাই এবং চালানটি আটক করতে র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও র্যাব-৮, সিপিএসসি (বরিশাল)-এর একটি যৌথ আভিযানিক দল লেবুখালী পাগলার মোড় এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
তল্লাশি চলাকালে দূর থেকেই র্যাবের চেকপোস্ট দেখতে পেয়ে মাদকবাহী পিকআপটির চালক কৌশলে গাড়ি ঘুরিয়ে দুমকির অভ্যন্তরীণ সড়ক দিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরাও তাৎক্ষণিকভাবে পিকআপটির পিছু ধাওয়া করেন।
র্যাবের তীব্র ধাওয়ার মুখে একপর্যায়ে দুমকিগামী সড়কের আঙ্গারিয়া ব্রিজের ওপর চলন্ত অবস্থায় পিকআপটি ফেলে চালকসহ তিনজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে র্যাব সদস্যরা গাড়িটি চালকবিহীন অবস্থায় উদ্ধার করেন। স্থানীয় বাসিন্দা ও উপস্থিত সাক্ষীদের সঙ্গে কথা বলে জানা যায়, গাড়ি থামিয়েই তিন ব্যক্তি দ্রুত বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়।
এরপর স্থানীয়দের উপস্থিতিতে পিকআপ ভ্যানটিতে বিস্তারিত তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির বডির নিচে চেসিসের ফাঁকা অংশে অত্যন্ত কৌশলে স্কচটেপ ও পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ৬৬ কেজি গাঁজা লুকিয়ে রাখা হয়েছে বলে দেখা যায়। সেখান থেকে গাঁজাগুলো উদ্ধার করে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ করা পিকআপ ভ্যান পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চালকসহ পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পটুয়াখালীর দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য এজাহার জমা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এই চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
