শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান–তালেবান সংঘর্ষে পাল্টাপাল্টি দাবি: শতাধিক নিহত, ধ্বংস বহু চৌকি

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের চমন সীমান্তে টহলরত একটি ট্যাংক। আজ শুক্রবার তোলা ছবি: এএফপি

আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক সামরিক সংঘর্ষে বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে পাকিস্তান ও আফগান কর্তৃপক্ষ। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন এবং ৪ শতাধিক আহত হয়েছেন। একই সঙ্গে ৭৩টি নিরাপত্তা চৌকি ধ্বংস ও ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়ার কথাও জানান তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera জানায়, পাকিস্তানের দাবি অনুযায়ী অভিযানে আফগানিস্তানের ১১৫টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও কামান ধ্বংস করা হয়েছে। তবে এসব পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা বিবৃতিতে জানিয়েছে, সীমান্তে পাকিস্তানের বিভিন্ন পোস্ট লক্ষ্য করে তাদের পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাত–এর নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় অভিযান সমাপ্ত করা হয়।

আফগান পক্ষের দাবি, সংঘর্ষে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছে এবং কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ করা হয়েছে। তারা আরও জানায়, পাকিস্তান বাহিনীর দুটি সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট দখল করা হয়েছে এবং কয়েকজন সেনাকে জীবিত আটক করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আফগান ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই এ পাল্টা অভিযান পরিচালিত হয়েছে। সংঘর্ষে আফগান বাহিনীর আটজন সেনা নিহত ও আরও ১১ জন আহত হওয়ার কথাও স্বীকার করা হয়েছে।

পুরো ঘটনাকে ঘিরে উভয় পক্ষের পরিসংখ্যান ও দাবিতে বড় ধরনের পার্থক্য থাকায় সীমান্ত পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা ও উত্তেজনা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।