শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় রাতের আঁধারে কৃষিজমির টপসয়েল কাটা বন্ধে প্রশাসনের অভিযান, এস্কেভেটর জব্দ

রাজশাহী প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ফসলি জমির উর্বর উপরিভাগের মাটি (টপসয়েল) কেটে পুকুর খননের অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হয়ে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ছে।

এমন অভিযোগের ভিত্তিতে পুঠিয়া উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ টপসয়েল কাটা বন্ধ করে দিয়েছে এবং এস্কেভেটর জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার রাতে পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের নেতৃত্বে রাত সাড়ে ১০টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার বড় সেনবাগ এলাকায় ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমি থেকে মাটি কাটার সাথে জড়িত একটি এস্কেভেটর জব্দ করে যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থলে চলমান টপসয়েল কাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন জমি থেকেও কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি উত্তোলন নিষিদ্ধ। এই আইনের ধারা ৭ক অনুযায়ী কৃষি জমির টপসয়েল নষ্ট করা দণ্ডনীয় অপরাধ।
অভিযানে প্রশাসন জানায়, অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে এবং এর সঙ্গে জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রাদের ভাষ্যমতে , রাতের অন্ধকারে বিভিন্ন স্থানে ফসলি জমির মাটি কেটে পুকুর খননের ঘটনা বাড়ছে। এতে কৃষিজমি ধ্বংস হয়ে পড়ছে এবং কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ