রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া রেললাইন এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে চাষাড়া ডাক বাংলোর উল্টো দিকের গলিতে আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, শনিবার বিকেলে আরবান স্কুলের সামনে সাত থেকে আটজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের জন্য পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযান চলাকালে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা আট রাউন্ড গুলি চালায়।

এ সময় অস্ত্রধারী মাদক কারবারি জসিম (২৪) পুলিশের গুলিতে ঊরুতে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়।

গোলাগুলির ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন— এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার এবং পুলিশ সদস্য রাশিদুল।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজন হলেন— জসিম (২৪) ও মোহন (২৩)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।