ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শাহবাগ মোড় অবরোধ ছবি:সংগৃহীত
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে এসে তারা শাহবাগে অবস্থান নেন। এতে গুরুত্বপূর্ণ এই মোড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এর আগে বিকেল ৪টার দিকে জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। অবস্থান কর্মসূচি শেষে নেতাকর্মীরা যমুনা অভিমুখে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সংঘর্ষের পর আহতদের একটি অংশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান।
পরে আহতদের সঙ্গে সংহতি জানিয়ে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়েরের নেতৃত্বে ঢাকা মেডিকেল থেকে একটি মিছিল বের হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে সেই মিছিল শাহবাগ মোড় অবরোধ করে।
সংঘর্ষে আহত ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, জকসুর সদস্য শান্তা আক্তারসহ অন্তত ২০ থেকে ২৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইমরান হোসেন জানান, এখন পর্যন্ত ২০-২৫ জন আহত চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে কয়েকজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা ঘেরাওয়ের চেষ্টা করেন। বিক্ষোভকারীদের একটি অংশ জলকামানের ওপর উঠে সেটি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল থেকেই জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ইনকিলাব মঞ্চ। এ কারণে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আগে থেকেই পুলিশ ব্যারিকেড স্থাপন করে।
শুক্রবার যমুনার সামনে অবস্থান করছিলেন নিহত ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাসহ কয়েকজন। অন্যদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে কয়েক শ নেতাকর্মী অবস্থান নেন।
একপর্যায়ে বেলা সাড়ে তিনটার দিকে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ কয়েকজন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।
পরিস্থিতি আরও উত্তপ্ত হলে পুলিশ জলকামান থেকে পানি ছোড়ে, পরে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। জবাবে বিক্ষোভকারীরাও পুলিশের দিকে বোতল ও ইটপাটকেল ছোড়ে।
