শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পেকুয়ার শহীদ জুলাই যোদ্ধা ওয়াসিমের পরিবারকে ২০ লাখ টাকার সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পেকুয়া উপজেলার বাসিন্দা, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ বীর ওয়াসিম আকরামের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে তার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন।

শনিবার বিকেল ২টায় প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলা সদরে পৌঁছে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। এরপর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।

কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শহীদ ওয়াসিমের মা জোসনা বেগমের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলমসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর এ সহায়তা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদ ওয়াসিমের স্মৃতি সংরক্ষণে সরকারের উদ্যোগের প্রশংসা করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী কক্সবাজার সফরের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সফরে তিনি পাতলী খালের পুনঃখনন উদ্বোধন, বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।