রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানি মামলায় গ্রেপ্তার সাংবাদিক,গাজীপুরের বোর্ড বাজারের একটি হোটেল থেকে আটক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক

গাজীপুর প্রতিনিধি
জুন ১৯, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার মানহানি মামলার জেরে সাংবাদিক গ্রেপ্তার, শুরু নতুন বিতর্ক। অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানূর ইসলাম

সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানূর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ড বাজার এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বগুড়ার অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে জড়িয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে একটি পত্রিকার সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার ২ নম্বর আসামি দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানূর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গত সোমবার (১৫ জুন) বগুড়া থেকে প্রকাশিত দৈনিক ‘মহাস্থান’ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলার আবেদন করেন।

আদালতের বিচারক মেহেদী হাসান শুনানি শেষে আবেদনটি আমলে নিয়ে এজাহার হিসেবে রেকর্ড করার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এদিকে, দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর স্টাফ রিপোর্টার শফিক শাহীনও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘিরে সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এবং বাকি আসামিদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।