শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এক ঘণ্টায় উদ্ধার স্কুলছাত্র, অপহরণে জড়িত অভিযোগে ৪ তরুণ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক চার তরুণ। ছবি: সংগৃহীত

রাজধানীর শান্তিনগরে অপহরণের শিকার নবম শ্রেণির ছাত্র আফ্ফান সাইফকে নাটকীয় অভিযানে উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, তাকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। ঘটনার পর সচিবালয়ে গিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তাৎক্ষণিক নির্দেশে অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যেই কিশোরকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় চার তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
যেভাবে অপহরণ- পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে শান্তিনগর মোড়ে গেলে কৌশলে সাইফকে বাসায় দেখা করার কথা বলে ডেকে নেয় এক ব্যক্তি। পরে তাকে চামেলীবাগের একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।
সেখানে আটক রেখে সাইফের ব্যবহৃত মোবাইল ফোন থেকেই তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে বাবাকেও ফোন করে টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সচিবালয়ে আকুতি, দ্রুত অভিযান- ভুক্তভোগীর বাবা খন্দকার শামীম হাসান, যিনি তথ্য মন্ত্রণালয়ের পিআইডিতে কর্মরত, কোনো উপায় না পেয়ে সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তার কথা শোনার পর আশ্বস্ত করেন— কান্নাকাটি করিও না, আমি দেখছি।
প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে পুলিশ। দ্রুত অভিযানে অপহৃত সাইফকে নিরাপদে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— তানভীর আহমেদ ওরফে ফাহিম,
ইফফাত ইয়ামিন লিখন, হাসান আল বান্না ওরফে হাসান, মুস্তাকিমুর রহমান ওরফে কুঞ্জ।
পুলিশের দাবি, তারা সংঘবদ্ধভাবে ডিজিটাল মাধ্যমে প্রতারণা, ব্ল্যাকমেইল ও অপহরণ করে মুক্তিপণ আদায় করত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এর আগেও ছয়টি অপহরণের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
স্বস্তি, তবে প্রশ্নও- একদিকে দ্রুত উদ্ধারে স্বস্তি ফিরেছে পরিবারে। অন্যদিকে প্রশ্ন উঠেছে—রাজধানীতে কিশোরদের টার্গেট করে সংঘবদ্ধ অপহরণ চক্র কতটা সক্রিয়?
পুলিশ বলছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যেতে পারে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
নগর-মহানগর সর্বশেষ