রবিবার, ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীর স্বপ্নে আঘাত! ফরিদপুরে জমি দখলের নীল নকশা,প্রাণনাশের হুমকি—নিরুপায় পরিবারে আতঙ্ক,

মাহফুজুর রহমান বিপ্লব
এপ্রিল ৫, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুরের চরভদ্রাসনের শান্ত গ্রাম খান মামুদের ডাঙ্গী—যেখানে একসময় ছিল স্বপ্ন, পরিশ্রম আর ভবিষ্যতের নিশ্চয়তা। সেই স্বপ্নের উঠোনেই আজ ভর করেছে ভয়, অনিশ্চয়তা আর ক্ষমতার দাপটের অন্ধকার ছায়া।
প্রবাসে ঘাম ঝরানো উপার্জনের টাকায় গড়ে তোলা বসতভিটে এখন যেন যুদ্ধক্ষেত্র। কুয়েত প্রবাসী রাজিব মাহমুদ (৩৭) অভিযোগ করেছেন—স্থানীয় প্রভাবশালী একটি গোষ্ঠী তার ১৮ শতাংশ জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। শুধু তাই নয়, তাকে নিয়মিত দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি!

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নিজ বাড়ির উঠোনেই অসহায় কণ্ঠে সংবাদ সম্মেলন করেন তার পরিবার। লিখিত বক্তব্যে রাজিব জানান, দীর্ঘদিনের সঞ্চিত অর্থ দিয়ে ১০.৩৯ শতাংশ জমি ক্রয় করেন তিনি। এর সঙ্গে তার মা রেজিয়া বেগমের পৈত্রিক সম্পত্তি মিলিয়ে মোট ১৮ শতাংশ জমির ওপর গড়ে ওঠে তাদের স্বপ্নের ঠিকানা—ঘর, গাছপালা আর সুরক্ষার বাউন্ডারি।

কিন্তু সেই স্বপ্নের দেয়ালেই এখন ফাটল ধরেছে।
অভিযোগ উঠেছে, প্রতিবেশী মেহেদী হাসান, ইমরান মাহমুদ ও সজিবসহ একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে তারা বাউন্ডারি ওয়ালের তিনটি পিলার ভেঙে দিয়েছে, মালিকানার সাইনবোর্ড তুলে নিয়েছে, এমনকি সন্ত্রাসী বাহিনী দিয়ে জমিতে মহড়া দিচ্ছে।

এদিকে প্রবাসে থাকা রাজিবের কণ্ঠে তখন অসহায়তার ভার— আমরা দুই ভাই বিদেশে থাকি, বাড়িতে বৃদ্ধ বাবা-মা। আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়েই তারা এই দখলচেষ্টা চালাচ্ছে। তিনি আরও জানান, প্রতিপক্ষ একটি ভুয়া দলিলের মাধ্যমে ২৫ শতাংশ জমির মালিকানা দাবি করছে এবং বিভিন্ন কৌশলে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। একাধিকবার স্থানীয় সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও প্রতিপক্ষরা তাতে উপস্থিত হয়নি।

আবার ঘটনার ভয়াবহতা বাড়ে গত ২৯ মার্চ গভীর রাতে—অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষ দলবল নিয়ে হামলা চালায়, ভেঙে ফেলে বাউন্ডারির পিলার, তুলে নেয় সাইনবোর্ড। সেই সাথে মোবাইল ফোনে হুমকির ভয়েস মেসেজে আতঙ্কিত করে তোলে পুরো পরিবারকে।
নিরুপায় হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ৩ এপ্রিল উভয় পক্ষকে নিয়ে আপোষ বৈঠকের দিন ঠিক করে। কিন্তু পরবর্তীতে নাটকীয় মোড় নেয় ঘটনা—
প্রতিপক্ষ মেহেদী হাসান আদালতে গিয়ে ১৪৪ ধারার আবেদন করেন, ফলে থেমে যায় সেই আপোষের পথও।

এসব বিষয় জানতে চাওয়া হলে চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আদালতে যাওয়ায় পুলিশ আর আপোষ বৈঠক করতে পারছে না। এখন আদালতই সিদ্ধান্ত দেবেন। অন্যদিকে মেহেদী হাসান দাবি করেন, তিনি বৈধভাবে জমি কিনেছেন এবং মালিকানার অধিকার তারই।

এ যেন এক জমির গল্প নয়— এ এক প্রবাসীর স্বপ্নভাঙার গল্প, এক পরিবারের নিঃশব্দ কান্না, আর ক্ষমতার দাপটে ন্যায়বিচার হারানোর আশঙ্কা। এখন প্রশ্ন একটাই— এই জমি কি ফিরে পাবে তার প্রকৃত মালিক, নাকি ক্ষমতার ছায়ায় চাপা পড়বে আরেকটি স্বপ্ন? এমন প্রশ্নেরই জবাব খুঁজছে স্থানীয় সুশীল সমাজসহ নেটিজেনরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।