সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বট বাহিনী দিয়ে বেহেশতের টিকেট বিক্রি করছে জামায়াত: আমীর খসরু

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি আপস করে কখনও রাজনীতি করেনি। তাইতো আমাদের নেত্রী খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হয়। জামায়াত স্বৈরশাসক এরশাদের তথাকথিত নির্বাচনে অংশগ্রহণ করেছিল, স্বৈরচার আওয়ামী লীগের সঙ্গে আপস করে রাজনীতি করেছে। ওয়ান ইলেভেনের সময় তাদের বক্তব্যও আপনারা শুনেছিলেন। যুগে যুগে তারা গুপ্ত রাজনীতি করে আসছে। এখন বট বাহিনী দিয়ে বেহেশতের টিকেট বিক্রি করছে। মুখে ধর্মের কথা বলে, ভোটের সিল বানাচ্ছে, ব্যালট পেপার ছাপাচ্ছে। তাদের কোনো নীতি নেই, ক্ষমতার জন্য সব করতে পারে। তাই আমাদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে যেন ঘুঘু ধান চুরি করতে না পারে।’

আজ রোববার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া মাশাবি চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, গত ১৭ বছর খুন,গুমের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। ৬০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলায় জেলে গেছেন। আর তারা গুপ্ত রাজনীতি করেছে। তাই জনগণকে চোখ-কান খোলা রাখতে হবে। যেন ভোট চুরি করতে না পারে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ‘অনেকে ভাবছেন আন্দোলন শেষ হয়ে গেছে, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই-আন্দোলন এখনও শেষ হয়নি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একমাত্র বিএনপিই সেই দল, যারা গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভোটের মাধ্যমে জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

দেশের সার্বভৌমত্ব ও বিদেশি হস্তক্ষেপ প্রসঙ্গে আমীর খসরু বলেন, কোনো বিদেশি শক্তির বাংলাদেশ পরিচালনা করার কোনো সুযোগ নেই। এটাই বাংলাদেশের মানুষ চায়। এ দেশের জনগণ তাদের নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে চান, বাইরের কোনো ইশারা বা হস্তক্ষেপে নয়।

পথসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী। এসময় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।