প্রতীকী ছবি
আবারও প্রকাশ্যে গুলির ঘটনা। এবার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক কিশোরীকে লক্ষ্য করে মোটরসাইকেলে এসে গুলি ছুড়ে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় ঘটে এ চাঞ্চল্যকর ঘটনা। আহত কিশোরীকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আহত কিশোরীর বাড়ি রূপসা বেড়িবাঁধ রোড এলাকায়। তিনি রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার সময় তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাঁ পায়ে বিদ্ধ হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, আর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খুলনা থানার এসআই আব্দুস সাত্তার জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। কী কারণে কিশোরীকে গুলি করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ নিয়ে গত পাঁচ দিনে খুলনায় এটি তৃতীয় গুলির ঘটনা। এর আগে গত ২ জুলাই সকালে নগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকার একটি মাঠে রাতুল শেখ (২২) নামে এক যুবককে গুলি করে সন্ত্রাসীরা। তারও আগে, ২৮ জুন রাতে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে রফিকুল ইসলাম মানিক নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা। পরিবারের অভিযোগ, চাঁদার দাবি প্রত্যাখ্যান করায় তাকে গুলি করা হয়। তবে ওই দুটি ঘটনার কোনো মামলাতেই এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে, খুলনায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বাড়ছে বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ২৩ মাসে জেলায় ৮৯টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই হত্যার ঘটনা ঘটেছে ১৯টি। এর মধ্যে ৩৪টি হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী দলের সম্পৃক্ততার তথ্য পুলিশের কাছে রয়েছে।
একের পর এক প্রকাশ্য হামলা, গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সর্বশেষ কিশোরীকে লক্ষ্য করে গুলি করার এই ঘটনা সেই উদ্বেগকে আরও তীব্র করে তুলেছে।
