গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন
নির্বাচনের ফলাফল ঘিরে গুরুতর অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দাবি, কিছু নির্দিষ্ট আসনে নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করতে পরিকল্পিতভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে।
রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, “নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমাদের কাছে এ বিষয়ে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপি অভিযোগ করে, বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখল এবং আচরণবিধি লঙ্ঘনের মতো নানা অনিয়মের তথ্য তাদের কাছে এসেছে। এসব অনিয়মের মাধ্যমে কিছু আসনে ভোটের ব্যবধান কমিয়ে আনার চেষ্টা চলছে বলেও দাবি করেন মাহদী আমিন।
তিনি আরও বলেন, বিএনপি ও ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বহু আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। কিন্তু সেই অপ্রতিরোধ্য ব্যবধান কমিয়ে আনতেই অপপ্রচার ও প্রশাসনিক প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া যাচ্ছে।
উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৩ ও ঢাকা-১৬–সহ কয়েকটি আসনে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিলম্ব করা হচ্ছে। এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা।
বিএনপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দ্রুত ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন।
