শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি কার্যালয়ে উত্তপ্ত সভা রণক্ষেত্র: রাশেদ খানের উপস্থিতিতে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৩

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জে বিএনপি কার্যালয়ে সভা চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে সভা ঘিরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে সংঘর্ষে রূপ নেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনীত প্রার্থী রাশেদ খান–এর উপস্থিতিতে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ থানার এএসআই জাহিদ ও কনস্টেবল সেলিম হোসেন এবং পিকলু হোসেন। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সাবেক বিএনপি প্রার্থী রাশেদ খান উপজেলা সদরের মহারাজপুর ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা করছিলেন। সভা চলাকালে হঠাৎ দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়ে দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা লুৎফুর রহমান লেন্টুর দাবি, মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খুরশিদ আলম সমর্থকদের নিয়ে অফিসের বাইরে অবস্থান নিলে উত্তেজনা বাড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ সূত্রে জানা যায় , খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে সংঘর্ষে জড়িতদের একটি অংশ পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় কোন্দল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।