ড. হুমায়রা সুলতানা
ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দি থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সংস্থাটির কার্যক্রম সচল রাখতে নতুন করে এমডি ও সিইওর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, মঙ্গলবার জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
মন্ত্রণালয়ের ‘বিমান-১ শাখা’ থেকে প্রকাশিত আদেশে বলা হয়েছে, ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়ে কারাবন্দি থাকায় ড. মো. সাফিকুর রহমানের সঙ্গে সরকারের করা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। একই তারিখে জারি করা একটি প্রজ্ঞাপনের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে তিনি আর বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন না।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ বিমান (রহিত Bangladesh Biman Order, 1972 পুনর্বহাল এবং সংশোধন) আইন, ২০২৩-এর ৩০(গ) ধারা অনুযায়ী ড. হুমায়রা সুলতানাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইওর দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন এমডি ও সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে স্বাক্ষর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।
