কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আন্তরিক ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। শুক্রবার (২৬ জুন) বিকেলে অনুষ্ঠিত এ সভায় তিনি গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং স্থানীয় উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
মতবিনিময় সভায় অংশ নেওয়ার পাশাপাশি সম্প্রতি আহত হয়ে চিকিৎসাধীন স্থানীয় সাংবাদিক চন্দনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি সাংবাদিক চন্দনের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে তাঁর পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।
ভেড়ামারা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় উপস্থিত সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ দেশের চলমান পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা, স্থানীয় জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা এবং সম্ভাবনাময় উন্নয়ন কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র এবং মানুষের বাস্তব সমস্যাগুলো জাতির সামনে তুলে ধরা সম্ভব।
তিনি আরও বলেন, স্থানীয় সাংবাদিকদের সাহস, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে জনস্বার্থে নির্ভীকভাবে দায়িত্ব পালনের বিকল্প নেই।
সভায় আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, সদস্য সচিব এস. এস. আল হোসাইন সোহাগ এবং পৌর যুবদলের আহ্বায়ক জিন্নাহ আলী। এছাড়াও ভেড়ামারা প্রেসক্লাবের স্থানীয় সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমন্বয়ের একটি ইতিবাচক বার্তা বহন করে।
