সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসার মাহাত্ম্য: নীরবতার ভেতর জমে থাকা এক অনন্ত অনুভব

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ভালোবাসা কখনো হঠাৎ আসে না—সে আসে ধীরে, গভীরভাবে। কখনো কখনো মন এমন একজন মানুষকে চায়, যাকে পাওয়ার জন্য সবকিছু ছেড়ে দিতেও দ্বিধা থাকে না। তার সাথে আজীবন পথ চলার স্বপ্ন এতটাই বাস্তব হয়ে ওঠে যে, মনে হয় জীবনের সব অর্থ, সব মানে যেন সেই মানুষটাকেই ঘিরে। কিন্তু বাস্তবতা বড় নিষ্ঠুর। সমাজ, সম্পর্ক আর দায়-দায়িত্বের অদৃশ্য শৃঙ্খলে আটকে যায় সেই স্বপ্ন।

মন কি সবসময় নিজের মতো করে চাইতে পারে? চাইলেই কি বলা যায়— তুমি আমার প্রয়োজন, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ”?

ভালোবাসা জমে থাকে হৃদয়ের গভীর কোনো এক কোণে—নীরবে, নিঃশব্দে। বলা হয় না কিছুই। কারণ বলা মানেই ভাঙা, বলা মানেই সামাজিক নিয়মের বিরুদ্ধে দাঁড়ানো। আর সেই নিয়মই আমাদের ঠোঁট সেলাই করে দেয় দিনের পর দিন। কারো চোখে চোখ রাখলে বুকের ভেতরটা কেঁপে ওঠে, অথচ চোখ নামিয়ে নিতে হয়। কারো জন্য বুকচেরা কষ্ট হয়, তবু চোখের জল লুকিয়ে রাখতে হয়—কারণ আমরা শিখে গেছি, নীরব থাকাটাই নাকি সভ্যতা।

প্রতিটি মুহূর্তে ইচ্ছে হয়—একবার জড়িয়ে ধরি, একবার বলি— থেকে যাও, হারিয়ে যেয়ো না।

কিন্তু সেই ইচ্ছেগুলো প্রতিবার গিলে ফেলতে হয়। কারণ ভালোবাসার চেয়েও বড় হয়ে দাঁড়ায় সামাজিক নিয়ম, পারিবারিক বন্ধন আর নাম না জানা অসংখ্য শর্ত। যাদের জন্য বুকের ভেতর আজীবন ভালোবাসা জমে থাকে, তাদের দিকেই তাকিয়ে থাকতে হয় নির্লিপ্তভাবে—যেন কিছুই অনুভব করি না। অথচ ভেতরে ভেতরে প্রতিটি মুহূর্তে আমরা ক্ষয়ে যাই, ভেঙে পড়ি।

মন চায়, একদিন তার হাত ধরে, নিঃশ্বাস ফুরিয়ে যাওয়া পর্যন্ত পাশে থাকতে। বৃদ্ধ বয়সে একই ছাদের নিচে সকাল-বিকেল কাটুক তার সাথে। কিন্তু বাস্তবতা বুঝিয়ে দেয়—এই চাওয়া, এই স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে। কারণ কিছু নিয়ম ভাঙা যায় না। আর এই না-পাওয়ার ভারটাই ধীরে ধীরে ভিতরটাকে চুরমার করে দেয়।

জীবন তখন হয়ে ওঠে এক বোঝার খেলা। যেখানে নিয়ম মানা মানেই বেঁচে থাকা, আর নিয়ম ভাঙা মানেই ‘অপরাধ’। প্রশ্ন জাগে—এই নিয়মগুলো কি সত্যিই এতটা মূল্যবান, যে ভালোবাসার মতো নিঃস্বার্থ অনুভূতিগুলোও বিসর্জন দিতে হয়? কিছু নিষ্ঠুর নিয়মের সামনে আমাদের হৃদয় বারবার পরাজিত হয়। আমরা ভালোবাসি, কিন্তু প্রকাশ করি না। অনুভব করি, কিন্তু অস্বীকার করি। আর একসময় বুঝে যাই—সব ভাঙা যায়, কিন্তু সমাজ যেই নিয়ম বানায়, সেটা নয়।

তাই হয়তো আজও ভালোবেসে ফেলে আসা মানুষটার নাম নিঃশব্দে বুকের ভেতর ধরে রাখি। মুখে বলি না কিছুই। কারণ আমরা শিখে গেছি— নিয়ম ভাঙা যায় না… এমনকি ভালোবাসার জন্য হলেও না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।