পটুয়াখালীর বাউফল উপজেলার বহুল আলোচিত প্রায় ৪৩ লাখ ৩৯ হাজার টাকার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ বাচ্চু সরদার (৩৫)-কে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সোমবার (৩০ জুন) গভীর রাতে বরিশাল নগরীর কোতয়ালী মডেল থানাধীন কালিজিরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত বাচ্চু সরদার পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা এবং আলম সরদারের ছেলে।
র্যাব-৮ সূত্রে বুধবার (১ জুলাই) জানানো হয়, র্যাব-৮-এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও সিপিএসসি বরিশালের একটি যৌথ আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই পলাতক আসামিকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
যেভাবে সংঘটিত হয়েছিল আলোচিত ডাকাতি
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ আগস্ট গভীর রাতে ভুক্তভোগী মোঃ আজাহার জোমাদ্দার (৬৫) ও তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে ৬-৭ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল তাদের বাড়িতে প্রবেশ করে। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ৫ লাখ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এজাহার অনুযায়ী লুণ্ঠিত সম্পদের মোট মূল্য প্রায় ৪৩ লাখ ৩৯ হাজার টাকা।
ঘটনার পর ভুক্তভোগী আজাহার জোমাদ্দার বাদী হয়ে বাউফল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এরপর থেকেই মামলাটির ছায়া তদন্ত শুরু করে র্যাব-৮।
আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি
র্যাব জানায়, ডাকাতির ঘটনার পর থেকেই বাচ্চু সরদার এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন এবং বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। তবে আধুনিক তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে সফল অভিযান চালানো হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮, বরিশালের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান পিপিএম-সেবা।
