বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের উপকরণ বিতরণ, উপকৃত সুফলভোগী চাষিরা

মোঃ ইয়ামিন হোসেন
জুন ৩০, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার ভেড়ামারায় গ্রামীণ পর্যায়ে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে প্রদর্শনীর আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সরকারের মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক হাসান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার এমদাদুল হক বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার মৎস্য খাতের উন্নয়নে যুগান্তকারী নানা উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী মৎস্যচাষীদের মধ্যে প্রদর্শনীর উপকরণ হিসেবে ৫০০ কেজি উন্নত মানের মাছের খাবার, ১৬০ কেজি মাছের পোনা, ২০০ কেজি খৈল, ১৪০ কেজি চুন এবং ২০০ কেজি সার বিতরণ করা হয়।

এছাড়া পুকুরপাড়ে সমন্বিত সবজি চাষকে উৎসাহিত করতে লালশাক, মিষ্টিকুমড়া ও পুঁইশাকের বীজের পাশাপাশি পেঁপে ও চায়না লেবুর চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

উপকরণ পেয়ে স্থানীয় মৎস্যচাষীরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের আশা, সরকারের এ ধরনের সহায়তা মাছের উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।