কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নে সাপের কামড়ে সম্রাট হোসেন (২১) নামে এক তরুণ রাজমিস্ত্রী (ঢালাই) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে তার স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
নিহত সম্রাট হোসেন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের কারিগরপাড়ার বাসিন্দা। তিনি মোঃ রুহুল আমিন (রুহুল বাঙাল)-এর নাতি এবং মোঃ সামিরুল ইসলাম ও মোছাঃ তাছলিমা খাতুনের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সম্রাট পেশায় একজন রাজমিস্ত্রী (ঢালাই) ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩টার দিকে কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে পরিবারের সদস্যরা এবং সম্রাট নিজেই বুঝতে পারেন, তাকে সাপে দংশন করেছে।
বিষক্রিয়া দ্রুত ছড়িয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সম্রাট ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার উপার্জনের ওপরই নির্ভরশীল ছিল পুরো পরিবার। জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে সংসার চালিয়ে যাওয়া এই তরুণের অকাল মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, সম্রাটের স্ত্রী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ দেখার আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হলো তাকে। স্বামীর মৃত্যুর সংবাদে অন্তঃসত্ত্বা স্ত্রীর কান্না, আর সন্তান হারানোর শোকে মা-বাবার আহাজারিতে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, নিহত সম্রাট হোসেনের মরদেহ দাফনের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছিল।
স্থানীয়দের ভাষ্য, একটি কর্মক্ষম তরুণের এমন অকাল মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্যই এক অপূরণীয় ক্ষতি।
