বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় গাছের ডালায় ঝরে গেল তরুণ টেকনিশিয়ানের প্রাণ, নিষেধ উপেক্ষার মর্মান্তিক পরিণতি

ভোলা জেলা প্রতিনিধি
জুলাই ২২, ২০২৬ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে হৃদয়বিদারক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মো. হারুন (২৭) নামে এক তরুণ ইন্টারনেট টেকনিশিয়ান। কাজের দায়িত্ব পালন করতে গিয়ে গাছের বিশাল ডাল মাথায় পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. হারুন ওই ইউনিয়নের মৃত রতনের ছেলে। তিনি ভোলা ডট নেট নামের একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর এলাকাবাসী গাছ কাটার কাজে নিয়োজিত মো. ফারুক নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ভোলা ডট নেটের সিনিয়র টেকনিশিয়ান মো. শাহিন জানান, তিনি ও হারুন এনসিওর লেক সিটির পাশ দিয়ে গ্রাহকসেবার ইন্টারনেট লাইনের কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি সেখানে গাছ কাটছিলেন। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তারা বারবার গাছ না কাটার অনুরোধ করেন। কিন্তু সেই সতর্কবার্তা উপেক্ষা করে গাছ কাটার কাজ চলতে থাকে। একপর্যায়ে হঠাৎ একটি বড় ডাল ভেঙে হারুনের মাথায় পড়ে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহীন (শাহিন মেম্বার) সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পরপরই এনসিওর লেক সিটির লোকজন এসে তাদের সাইনবোর্ড খুলে নিয়ে যায়।

এ বিষয়ে এনসিওর লেক সিটির স্বত্বাধিকারী মো. ওবায়দুর রহমান বলেন, তারা ইউসুফ নামে এক ব্যবসায়ীর কাছে গাছ বিক্রি করেছিলেন। সেই ব্যবসায়ীর লোকজন গাছ কাটতে গিয়েই এ দুর্ঘটনা ঘটিয়েছে। তবে ইউসুফের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় একজনকে নিরাপত্তাজনিত কারণে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।