হাফিজ উদ্দিন আহমদ
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে সপ্তমবারের মতো সংসদ সদস্য হতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। ১১৯টি কেন্দ্রের সবকটির ফলাফল হাতে পাওয়ার পর ধানের শীষ প্রতীকের এই প্রার্থীর বড় ব্যবধানে এগিয়ে থাকার চিত্র স্পষ্ট হয়েছে।
দলীয় এজেন্টদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি মোট ১ লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুহা. নিজামুল হক নাঈম (ফুলকপি প্রতীক) পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।
দুই উপজেলার ফলাফলে দেখা যায়, লালমোহন উপজেলার ৮৩টি কেন্দ্রেই ধানের শীষ প্রতীক বিপুল ভোটে এগিয়ে। এ উপজেলায় হাফিজ উদ্দিন আহমদ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ২৬৯ ভোট, যেখানে ফুলকপি প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪১ হাজার ৭৮ ভোট।
অন্যদিকে তজুমদ্দিন উপজেলার ৩৬টি কেন্দ্রের ফলাফলেও একই চিত্র। এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৮ হাজার ৫০৫ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৪ হাজার ৫৮২ ভোট।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আজীজ জানিয়েছেন, পূর্ণাঙ্গ ও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করতে রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত সময় লাগতে পারে। তবে প্রাপ্ত ফলাফলে ভোলা-৩ আসনে হাফিজ উদ্দিন আহমদের জয় এখন সময়ের অপেক্ষা।
