ছাগল তুলতে পরিত্যক্ত কূপে নেমে মারা যান একে একে পরিবারের চার সদস্য। ছবি: সংগৃহীত
মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে একে একে কূপে নেমে বাবা-ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকির জলই এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা সবাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সদস্য। তারা হলেন— জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশুপুত্র নেইমার ম্রং, রতন নকরেক এবং গাবরিয়েল নকরেক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ছাগল পরিত্যক্ত কূপে পড়ে যায়। প্রথমে গাবরিয়েল নকরেক (৩৫) ছাগলটি উদ্ধারের জন্য কূপে নামেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সাড়া না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে একে একে আরও তিনজন কূপে নামেন।
কিন্তু তাদের কারও কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা দ্রুত মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে চারজনের মরদেহ কূপ থেকে উদ্ধার করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়দের ধারণা, কূপের ভেতরে বিষাক্ত গ্যাস জমে থাকার কারণেই একের পর এক এই প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
একটি ছাগল উদ্ধারের চেষ্টায় মুহূর্তেই চারটি প্রাণ ঝরে যাওয়ার এ ঘটনায় পুরো জলই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
