বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মমেক হাসপাতালের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে মৌসুমী আক্তার (২৫) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মৌসুমী আক্তার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। পরিবারের দাবি, তিনি দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে মায়ের সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন মৌসুমী। সকাল ১০টা ৩০ মিনিটের দিকে তিনি হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় উঠে নিচে লাফিয়ে পড়েন। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, তরুণীটি ভবন থেকে পড়ে গিয়ে মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। হাসপাতাল প্রশাসনের সবাই গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। ভিকটিমের কিছু কাগজপত্র ঘটে জানা যায় তিনি মারাত্মকভাবে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশকে অবহিত করা হয়েছে।

নিহতের ভাই ইউসুফ আলী জানান, মৌসুমী গত দেড় বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসায় তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। তবে গত পাঁচ দিন ধরে তার অবস্থার আবারও অবনতি হয়। আজ সকালে চিকিৎসার জন্যই মা তাকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।