তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, নান্দাইল-সহ ময়মনসিংহকে মাদক ও চাঁদামুক্ত করে গড়ে তুলতে চাই। মাদক ও চাঁদাবাজির বিষয়ে সরকার জিরো টলারেন্স, কোনো ছাড় দেওয়া হবে না। আমার বা দলের নাম ভাঙ্গিয়ে অনৈতিক কিছু করতে আসলে কঠোর ব্যবস্থা নিবেন।
ময়মনসিংহের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আজ ২৮ফেব্রুয়ারি শনিবার বিকালে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময়কালে প্রধান অতিথি’র বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, আমরা রাজনীতি করি, জনগণের ভোটে আমরা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি। আমাদের কাছে সাধারণ জনগণ থেকে শুরু করে সব ধরনের লোক প্রয়োজনে আসবে। কাছের লোক হিসেবে পরিচয় দিয়ে অন্যায় তদবির করতে চাইবে। কে আলেম, কে জালেম, সেটা নির্ধারণ করা আমার পক্ষে অনেক সময় সম্ভব হয়ে উঠে না। তাই আপনাদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে, কেউ যেন ধোকা দিতে না পারে।
কর্মকর্তাদের সক্ষমতা ও দক্ষতার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, যারা একান্তই প্রাপ্য, তারা যেন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পায়। নগরীর যানজট নিরসনে রাস্তাঘাটের অবৈধ স্থাপনা অপসারণ-সহ কার্যকরী পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণের কথা উল্লেখ করেন তিনি। সেইসাথে সার্কিট হাউজের উন্নয়নে পরিকল্পনার বিষয়টিও ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর সভাপতিত্বে সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাগণ, পুলিশ বিভাগের কর্মকর্তাগণ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভাগীয় ও জেলা পর্যায়ের দপ্তরসমূহের কর্মকর্তাগণ, জেলা পর্যায়ের অন্যান্য সরকারি দপ্তরের প্রধান-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
