মাসুদ উদ্দিন চৌধুরী
রাজধানীর পল্টন থানায় দায়ের করা মানবপাচার আইনের এক মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী-কে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে বিকেল পাঁচটার পর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত পূর্ণ সময়ের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
আদালতে নেওয়ার আগে দুপুরে ডিবি পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসুদ উদ্দিন চৌধুরী-এর বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ফেনীতে তিনটি এবং ঢাকায় আটটি মামলা রয়েছে।
২০০৭ সালের ওয়ান ইলেভেন-এর সময় তিনি সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন।
২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং ২০১১ সালের জুন পর্যন্ত তিনি ওই দায়িত্বে বহাল ছিলেন।
পরে ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
