মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মায়ের জানাজায় হাতকড়া পরেই উপস্থিত সাবেক মেয়র আইয়ুব বাবুল,প্যারোলে ৫ ঘণ্টার মুক্তি ঘিরে চট্টগ্রামে চাঞ্চল্য

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
জুন ২২, ২০২৬ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মায়ের জানাজায় আইয়ুব বাবুল

মায়ের শেষ বিদায়ে উপস্থিত হতে পেরেছেন, তবে স্বাধীনভাবে নয়—হাতকড়া পরা অবস্থায় কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই মায়ের জানাজায় অংশ নিলেন চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আইয়ুব বাবুল। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

সোমবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে সাময়িক মুক্তি পেয়ে পটিয়ায় আসেন তিনি। পরে মায়ের জানাজা ও দাফন সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই আবার কারাগারে ফিরে যান।

দীর্ঘদিনের অসুস্থতার পর মায়ের মৃত্যু

পারিবারিক সূত্র ও প্রশাসন সূত্রে জানা গেছে, আইয়ুব বাবুলের মা আমজুমান আরা বেগম (৭৫) সোমবার সকাল পৌনে ১২টার দিকে পটিয়া পৌরসদরের ওয়াপদা রোড এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো মুখ দেখা এবং জানাজায় অংশ নেওয়ার সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক পাঁচ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেন।

রাত ৯টা থেকে শুরু প্যারোল, জানাজায় হাতকড়া পরেই উপস্থিতি। প্রশাসন সূত্র জানায়, রাত ৯টা থেকে পাঁচ ঘণ্টার জন্য আইয়ুব বাবুলের প্যারোল অনুমোদন দেওয়া হয়। পরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশি পাহারায় তাকে পটিয়া পৌরসদরের সুচক্রদণ্ডী এলাকায় আনা হয়।

রাত সাড়ে ৯টার দিকে পটিয়া আদালত জামে মসজিদ চত্বরে আমজুমান আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে হাতকড়া পরা অবস্থায় উপস্থিত হয়ে মায়ের জানাজায় অংশ নেন সাবেক এই মেয়র। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

আইয়ুব বাবুল মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন। তিনি জানাজায় অংশ নিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, মহান রাব্বুল আল-আমিন যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তিনি মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া বলেন, প্যারোলে সাময়িক মুক্তির আদেশ পাওয়ার পর চট্টগ্রাম পুলিশের সঙ্গে সমন্বয় করে আইয়ুব বাবুলকে পটিয়ায় আনা হয়। পটিয়া থানা পুলিশের নিরাপত্তার মধ্যেই তিনি তার মায়ের জানাজায় অংশ নেন। পরে নির্ধারিত সময়ের মধ্যে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

একাধিক মামলায় কারাগারে আইয়ুব বাবুল

বর্তমানে আইয়ুব বাবুল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে চারটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও পরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রে। একদিকে একজন সন্তানের মায়ের শেষ বিদায়ে উপস্থিত থাকার মানবিক দিক, অন্যদিকে একজন বিচারাধীন আসামির হাতকড়া পরা অবস্থায় জানাজায় অংশগ্রহণের দৃশ্য—দুইয়ের মিশেলে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে প্রশাসনের দাবি, নিরাপত্তা ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই প্যারোলের পুরো কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।