বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিথ্যা মামলা প্রত্যাহার না হলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে: নবনির্বাচিত সরকারের প্রতি সম্পাদক পরিষদের জোর দাবি

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। বুধবার পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, চব্বিশের ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে বহু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অসংখ্য হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার কারণে অনেক সাংবাদিক এখনো কারাবন্দি রয়েছেন, আবার অনেকে নিয়মিত আদালতে হাজিরা দিতে বাধ্য হচ্ছেন। ফলে সাংবাদিকদের স্বাভাবিক পেশাগত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তবে সম্পাদক পরিষদ স্পষ্ট করে বলেছে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও প্রমাণসাপেক্ষ অভিযোগ থাকলে তা অবশ্যই প্রচলিত আইন ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত। ন্যায়বিচারের স্বার্থে অভিযোগের যথাযথ অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া নিশ্চিত করার ওপর জোর দিয়ে পরিষদ মনে করে, উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মিথ্যা মামলাগুলো প্রত্যাহার ও সাংবাদিকদের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছিল। সে সময় মামলাগুলো খতিয়ে দেখা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাসও দেওয়া হয়। কিন্তু দুঃখজনকভাবে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে জানিয়েছে পরিষদ।
এ প্রেক্ষাপটে নবনির্বাচিত সরকারের প্রতি সম্পাদক পরিষদের জোরালো আহ্বান—সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিবৃতির শেষাংশে বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক অঙ্গীকার—এই প্রত্যাশাই পুনর্ব্যক্ত করেছে সম্পাদক পরিষদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।