কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কদমতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিনজন কথিত মাদক কারবারিকে আটক করেছে মিরপুর থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টিয়া রঙের অটোরিকশাও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার আমলা পুলিশ ক্যাম্পের এসআই রাকিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে আমলা ইউনিয়নের কদমতলা মোড়ে আফতাব চেয়ারম্যানের (মৃত চাঁদ আলীর ছেলে) বসতবাড়ির সামনের পাকা সড়ক থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা এবং জব্দ করা হয় একটি টিয়া রঙের অটোরিকশা।
আটক ব্যক্তিরা হলেন— মিরপুর উপজেলার কাকলিদহ গ্রামের মৃত আবু তালেবের ছেলে মো. তোফাজ্জেল হোসেন (৪৮), একই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মো. ওসমান (১৮) এবং আমলা খামারপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে মো. সিজান ইসলাম (১৯)।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মাদক কারবারিরা পুলিশের নজর এড়িয়ে অটোরিকশাযোগে বিভিন্ন এলাকায় মাদক পাচারের চেষ্টা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। যেখানেই সন্দেহজনক গতিবিধি দেখা যাবে, সেখানেই প্রয়োজনীয় তল্লাশি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
