বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর বাজারে ভোক্তা অধিদপ্তরের ঝটিকা অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা লঙ্ঘনে জরিমানা

এস এম বাদল
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রোজা সামনে রেখে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে কুষ্টিয়ার মিরপুর বাজারে ঝটিকা অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) জেলা কার্যালয়ের উদ্যোগে মিরপুর উপজেলার ব্যস্ত মিরপুর বাজার এলাকায় এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
অভিযানে কাঁচাবাজার, মুদি দোকান, গরু-খাসির মাংসের দোকান এবং মুরগির মাংসের দোকান ঘুরে দেখা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম চোখে পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় ভোক্তা অধিদপ্তর।
অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্যপণ্য বিক্রি, আমদানিকারকের নাম ও মূল্যবিহীন বিদেশি প্যাকেটজাত খাদ্য বিক্রয় এবং খোলা পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স দীপা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাংসের মূল্য তালিকা প্রদর্শন না করায় মকলেস ও মুরকান মাংসের দোকানকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং ঘোষিত মূল্যে পণ্য বিক্রি না করার দায়ে মেসার্স রকিব মুরগি ঘরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান শেষে ব্যবসায়ীদের সতর্ক করে আসন্ন রমজান মাসে অতিমুনাফা না করা এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী। এতে সহায়তা করেন মিরপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে জেলা পুলিশের একটি চৌকস দল। ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজারে ন্যায্য মূল্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।