মেহেরপুরে ৭৩ বোতল ফেনসিডিল রাখার দায়ে মোনতাজ আলী (৩৫) নামের এক মাদক কারবারিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোনতাজ আলী মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের পাঞ্জাব আলীর ছেলে।
সীমান্তে ফেনসিডিলসহ আটক
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দুপুরে গাংনী উপজেলার সহড়াতলা বিওপির সুবেদার মোহাম্মদ ইসরাইল শেখের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের ১৪৫/৩ এস পিলারের ১০০ গজ দক্ষিণে বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মোনতাজ আলীকে আটক করা হয়।
অভিযানে তার কাছ থেকে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পরদিন, ২০২৪ সালের ১ জানুয়ারি গাংনী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ১, জি আর কেস নং-১/২৪ এবং সেশন কেস নং-২৮৫/২৪।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষের মোট ৬ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত মোনতাজ আলীকে দোষী সাব্যস্ত করে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ৪ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মীর আলমগীর ইকবাল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, মাদক মামলায় এক মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড হয়েছে। আদালতে চলমান মাদক মামলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
