বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রমজানকে কেন্দ্র করে বাজারে অস্থিরতা নয়, বরং সহমর্মিতা আর সংযমের স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি-সংগৃহীত

জাতির উদ্দেশে এক আবেগঘন ভাষণে তিনি ব্যবসায়ীদের প্রতি স্পষ্ট আহ্বান জানিয়ে বলেন—পবিত্র মাহে রমজান যেন কোনোভাবেই মুনাফা লুটের মাসে পরিণত না হয়।
বুধবার রাতে প্রচারিত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রমজান আত্মশুদ্ধির মাস—সংযম, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা নেওয়ার সময়।
তিনি সতর্ক করে বলেন, রমজান এলেই বাজারে অতিরিক্ত মুনাফার প্রবণতা দেখা যায়—যা এই পবিত্র মাসের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে আপনারা এ মাসকে ব্যবসায় মুনাফা লাভের বিশেষ মৌসুম হিসেবে বিবেচনা করবেন না। দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়—এ ব্যাপারে সবাইকে দায়িত্বশীল হতে হবে,—দৃঢ় কণ্ঠে বলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটেছে। আমরা অনাচার-অনিয়মের সব সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর—ইনশাআল্লাহ,—বলেন তিনি। ব্যবসায়ীদের উদ্দেশে আশ্বাসের সুরও ছিল তার বক্তব্যে। তিনি জানান, ক্ষুদ্র, মাঝারি কিংবা বৃহৎ—সব ধরনের ব্যবসায়ীর প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ‘সহজ ও স্পষ্ট’। বাজার স্থিতিশীল রাখতে কী উদ্যোগ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে পরামর্শ ও অভিযোগ জানাতে ব্যবসায়ী সমাজকে আহ্বান জানান তিনি।
“এই সরকার ক্রেতা-বিক্রেতা সবার সরকার। আপনারাই ভোটের মাধ্যমে আমাদের দায়িত্ব দিয়েছেন। আপনারাই আমাদের শক্তি,—এমন বার্তায় শেষ হয় প্রধানমন্ত্রীর ভাষণ।
রমজানকে ঘিরে বাজারে যেন অস্থিরতার আগুন না জ্বলে—বরং সংযম, ন্যায্যতা ও মানবিকতার আলো ছড়িয়ে পড়ে—প্রধানমন্ত্রীর এই আহ্বান এখন ব্যবসায়ী সমাজের জন্য বড় এক পরীক্ষা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।