শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রমজানে অসহায়দের পাশে কদমতলী থানা প্রেসক্লাব টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচি, মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৬, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের মুখে স্বস্তির হাসি ফোটাতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে কদমতলী থানা প্রেসক্লাব। ক্লাবটির আয়োজনে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, যেখানে অসহায়, নিম্নআয়ের ও সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়।

গত ৩ মার্চ, রমজানের ১৩তম দিনে ইফতারের পর থেকেই শুরু হয় এই কর্মসূচি। মানুষের ভিড় আর আগ্রহ এতটাই ছিল যে রাত গভীর হলেও থেমে থাকেনি কার্যক্রম। একপর্যায়ে পণ্য বিক্রি করতে করতে সময় গড়িয়ে যায় রাত প্রায় ১২টা পর্যন্ত।

এ সময় টিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পুরো কার্যক্রম ঘুরে দেখেন এবং তদারকি করেন। তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করেন—পণ্য সঠিকভাবে বিক্রি হচ্ছে কি না এবং প্রকৃত উপকারভোগীরা সুবিধা পাচ্ছেন কি না। পরিদর্শনের সময় তারা দেখতে পান, অনেক অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল মানুষ ট্রাকসেলের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করতে পারছেন না। এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে প্রেসক্লাবের সদস্যরা নিজেরাই তাদের কাছে গিয়ে পণ্য পৌঁছে দেন।

এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে টিসিবির কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন এবং কদমতলী থানা প্রেসক্লাবের প্রশংসা করেন। তবে এমন মানবিক কর্মসূচিকে ঘিরে এক সংবাদকর্মীর পক্ষ থেকে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ তোলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কদমতলী থানা প্রেসক্লাব। ক্লাবের নেতৃবৃন্দ বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা ছাড়া কিছুই নয়। তারা এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
টিসিবি পণ্য বিক্রয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কদমতলী থানা প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনসহ টিপু, মোল্লা নাসির উদ্দিন, হানিফ কাজী, লাল মিয়া এবং ক্লাবের অন্যান্য সদস্যরা।

এসময় টিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আঞ্চলিক কর্মকর্তা শোয়াইব, পরিচালক আনিসুর রহমান, আঞ্চলিক ট্যাগ কর্মকর্তা তৌহিদুর রহমান, ডিলার বিল্লাল ও তার প্রতিনিধি শামীম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
কদমতলী থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।