আসন্ন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৯নং রিফাইতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের আলোচনায় উঠে এসেছে তৃণমূল বিএনপির বলিষ্ঠ কণ্ঠস্বর এবং বর্তমান রিফাইতপুর ইউনিয়ন বিএনপির রানিং সভাপতি মোঃ নজরুল ইসলাম।
স্থানীয় সূত্র ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন ত্যাগী, পরীক্ষিত ও জনসম্পৃক্ত নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শকে ধারণ করে তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং দীর্ঘ সময় ধরে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
রাজনৈতিক পথচলার বিভিন্ন সময়ে তিনি দলের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেছেন। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রতিকূলতা কিংবা দুঃসময়ে তিনি সবসময় নেতা-কর্মীদের পাশে থেকেছেন। একই সঙ্গে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা ইউনিয়নবাসীর কাছে তাঁকে একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
স্থানীয় অনেক ভোটারের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে মোঃ নজরুল ইসলাম চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সক্ষমতা রাখেন। ফলে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ ও আলোচনা ক্রমেই বাড়ছে বলে স্থানীয়দের দাবি।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোঃ নজরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করে আসছি। দল ও জনগণের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। আসন্ন ৯নং রিফাইতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি সকলের মূল্যবান ভোট, দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। জনগণ আমাকে নির্বাচিত করলে রিফাইতপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নয়নমুখী ও বৈষম্যহীন মডেল ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবো।
নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মোঃ নজরুল ইসলাম। তাঁর সমর্থকদের দাবি, তৃণমূলের এই পরীক্ষিত নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
