মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লটারি বিদায়, ফিরছে ভর্তি যুদ্ধ! ২০২৭ থেকে পরীক্ষার মাধ্যমেই স্কুলে ভর্তি—ঘোষণা শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৬, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ছবি-সংগৃহীত

দেশের স্কুলভর্তি ব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। দীর্ঘদিনের লটারি পদ্ধতি বাতিল করে আবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি হবে পরীক্ষার ভিত্তিতে—এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। মন্ত্রীর এই সিদ্ধান্ত সামনে আসতেই অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

মন্ত্রীর বক্তব্য- সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়া হবে। তবে এটি কোনো কঠিন পরীক্ষা হবে না। ক্লাস ওয়ানের শিশুদের তো আর নিউরোসার্জন বানাতে যাচ্ছি না—খুব সাধারণ একটি পরীক্ষার মাধ্যমেই ভর্তি সম্পন্ন করা হবে।
ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং বাণিজ্য বাড়তে পারে—এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি বলেন, পরীক্ষাটি হবে সহজ ও সংক্ষিপ্ত। তাই অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তাঁর মতে, “লটারির মাধ্যমে ভর্তি কোনো শিক্ষাব্যবস্থায় থাকা উচিত নয়।

কেন ছিল লটারি পদ্ধতি- একসময় দেশের অধিকাংশ স্কুলে ভর্তি পরীক্ষা ছিল বাধ্যতামূলক। কিন্তু এতে ছোট শিশুদের ওপর অল্প বয়সেই কঠিন প্রতিযোগিতার চাপ তৈরি হতো। পাশাপাশি কোচিং ও প্রাইভেটের ওপর নির্ভরতা বাড়া এবং অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগও ওঠে। এসব বিবেচনায় ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারি পদ্ধতি চালু করা হয়। পরে বেসরকারি বিদ্যালয়েও একই নিয়ম কার্যকর হয়।

এরপর কোভিড-১৯ পরিস্থিতির সময় ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তি চালু হয় এবং গত কয়েক বছর ধরে সেটিই অনুসরণ করা হচ্ছিল।

উদ্বেগ ও বিতর্ক- তবে নতুন সিদ্ধান্তকে ঘিরে শিক্ষাবিদদের একটি অংশ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে— ভর্তি পরীক্ষা ফিরলে কোচিং বাণিজ্য আবার বাড়তে পারে। ছোট শিশুদের ওপর অপ্রয়োজনীয় প্রতিযোগিতা ও মানসিক চাপ তৈরি হতে পারে।
সারাদেশের প্রায় ২০ হাজার স্কুল-কলেজে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে তদারকি করা সরকারের জন্য কঠিন হতে পারে
বিশ্বের অনেক দেশেই প্রথম শ্রেণিতে ভর্তির জন্য কোনো পরীক্ষা নেওয়া হয় না বলেও তারা উল্লেখ করেছেন।

সামনে কী অপেক্ষা করছে- সরকার বলছে পরীক্ষা হবে সহজ ও স্বচ্ছ পদ্ধতিতে। তবে অভিভাবক-শিক্ষাবিদদের প্রশ্ন—লটারি বাদ দিয়ে পরীক্ষা ফিরলে সত্যিই কি ন্যায়সঙ্গত ভর্তি নিশ্চিত হবে, নাকি আবারও শুরু হবে কোচিং আর তদবিরের প্রতিযোগিতা?
২০২৭ শিক্ষাবর্ষ সামনে রেখে এখন থেকেই তাই শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থার এই বড় পরিবর্তন নিয়ে নতুন বিতর্ক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।