বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে ব্যাগভর্তি টাকা-ভোটার তালিকাসহ জামায়াত কর্মী আটক, ভ্রাম্যমাণ আদালতে ২ বছরের কারাদণ্ড

শরীয়তপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

গোলাম মোস্তফা। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো যৌথ বাহিনীর অভিযানে নগদ ৭ লাখ ২০ হাজার টাকা, ভোটার তালিকা, ল্যাপটপ ও নির্বাচনী কাগজপত্রসহ এক জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার মাস্টার গোলাম মোস্তফার বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

আটক মাস্টার গোলাম মোস্তফা (৫০) স্থানীয় জামায়াত কর্মী বলে নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নগদ অর্থসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা করেন।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের সময় বাড়ি থেকে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু খালি খাম, জামায়াত প্রার্থীর নির্বাচনী লিফলেট এবং ভোটার তালিকা উদ্ধার করা হয়। জব্দ করা আলামতগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন,স্থানীয় এক জামায়াত কর্মীর বাড়িতে ব্যাগভর্তি টাকা নিয়ে কয়েকজন প্রবেশ করেছেন—এমন খবর পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান চালাই। অভিযান শেষে নগদ অর্থ ও নির্বাচনী সামগ্রী উদ্ধার করা হয় এবং গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মব্বুল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উদ্ধার হওয়া অর্থ ও কাগজপত্রের উৎস এবং উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।