গ্রেপ্তার ইমতিয়াজ কবীর বাপ্পী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনায় ঘটনাস্থল থেকেই একজনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি ইমতিয়াজ কবীর বাপ্পী (৪০), যিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ফুল দেওয়া ঘিরে শুরু উত্তেজনা
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে ৮–১০ জন নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ফুলের তোড়া নিয়ে শহীদ মিনারের বেদীর দিকে অগ্রসর হন। তবে সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের বেদীতে উঠতে বাধা দিলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ ফুলের তোড়া সরিয়ে দেওয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বাকবিতণ্ডা ধস্তাধস্তিতে রূপ নেয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ধাওয়া, আটক ও মামলা
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ধাওয়া দিলে উপস্থিত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় ঘটনাস্থল থেকে ইমতিয়াজ কবীর বাপ্পীকে আটক করা হয়। তিনি দেওখোলা ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের বাসিন্দা নুরুল কাইয়ুম মাস্টারের ছেলে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে এসে দায়িত্বরত পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
ভাষা শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
