ঝটিকা মিছিল থেকে কার্যত্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে নিয়ে যায় পুলিশ। ছবি: সংগৃহীত
গাইবান্ধা পৌর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে হঠাৎ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুষ্পস্তবক অর্পণের পর আকস্মিক ঝটিকা মিছিল বের করলে ধাওয়া দিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে পুলিশ।
শনিবার বিকেলে শহরের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে গাইবান্ধা সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
আটক কারা
আটকরা হলেন— গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এমারুল ইসলাম সাবিন এবং সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার।
ফুল দেওয়া থেকে উত্তেজনা
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ২০–৩০ জনের একটি দল পৌর শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে। পরিবেশ ছিল স্বাভাবিক; তবে পুষ্পস্তবক অর্পণের পরপরই তারা হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ঝটিকা মিছিল বের করে।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করলে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীদের মধ্যে ছত্রভঙ্গ অবস্থা তৈরি হয়। এ সময় দুই নেতাকে আটক করা হলেও বাকিরা দ্রুত পালিয়ে যায়।
পুলিশের বক্তব্য
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের প্রেক্ষাপটে তাদের আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিনেই ঘটায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
