নিখোঁজদের উদ্ধারে ডুবুরি, স্থানীয় লোকজন ও স্বজনরা।গোসল করতে নেমে নদীতে নিখোঁজ, এখনো সন্ধান মেলেনি শান্তর। ছবি : সংগৃহীত
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে হঠাৎ নদীর স্রোতে নিখোঁজ হওয়ার পর শনিবার দুপুর ২টা পর্যন্ত পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন মো. শান্ত (২৪)। তাকে উদ্ধারে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।
নিহতরা হলেন—শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের মজনু মিয়ার ছেলে সৌরভ (২০), গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ওবায়দুল্লাহ এবং কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোছা. শান্তা (১৬)।
এর মধ্যে শান্তার মরদেহ ঘটনাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে কালীগঞ্জ থানার সাওরাইদ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন ওই চারজন। একপর্যায়ে তারা নদীতে নিখোঁজ হন। খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা নদীর তীরে ছুটে আসেন। পরে শুরু হয় নিখোঁজদের সন্ধানে তৎপরতা।
উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি স্থানীয় লোকজন ও স্বজনরাও অংশ নেন। দীর্ঘ সময়ের চেষ্টায় শনিবার দুপুরের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। তবে মো. শান্ত এখনো নিখোঁজ রয়েছেন।
শিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।
নদীতে নিখোঁজ শান্তকে উদ্ধারে ডুবুরি, স্থানীয় লোকজন ও স্বজনরা শীতলক্ষ্যার বিভিন্ন অংশে অভিযান চালিয়ে যাচ্ছেন।
