জাতীয় সংসদ ভবন। ছবি: ফাইল
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশনে সাউন্ড সিস্টেমে হওয়া বিভ্রাটের ঘটনায় নাশকতার আশঙ্কা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শনিবার সংসদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে গঠিত এই কমিটি ঘটনাটি নাশকতা ছিল কি না এবং সাউন্ড সিস্টেমের প্রকৃত সমস্যা কোথায়— তা খতিয়ে দেখবে।
তিনি বলেন, এখানে সত্যিই কোনো সাবোটাজ হয়েছে কি না, সে বিষয়ে আমাদের ধারণা রয়েছে। পাশাপাশি সাউন্ড সিস্টেমের ত্রুটি নির্ণয়ে বিশেষজ্ঞ মতামত নিতে বুয়েটের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।”
গত ১২ মার্চ অধিবেশনের প্রথম দিন সাউন্ড সিস্টেমের গুরুতর সমস্যার কারণে অধিবেশন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পরদিনও হেডফোন ও শব্দ ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। চিফ হুইপ নিজেও হেডফোন ব্যবহারে অসন্তোষ প্রকাশ করে বলেন, এত বড় ও অস্বস্তিকর হেডফোন ব্যবহার করে সংসদ পরিচালনা কঠিন হয়ে যায়। এটি পরিবর্তন করা হবে।
বৈঠকে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসা সুবিধা নিয়েও আলোচনা হয়েছে। জানানো হয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার ও সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের জন্য নির্ধারিত বাসভবন থাকলেও অন্য সদস্যদের জন্যও আবাসনের ব্যবস্থা করার চেষ্টা চলছে। প্রয়োজনীয় কেনাকাটার বরাদ্দ ১০ তারিখের মধ্যে নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া আগামী ৩০ মার্চ আবার বৈঠকে বসবে সংসদ কমিটি।
৫ আগস্টের পর পর্যাপ্ত সময় পাওয়া সত্ত্বেও কেন সমস্যাগুলো সমাধান হয়নি— এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছিল। নির্বাচন আদৌ হবে কি না— সে প্রশ্ন ছিল। আমরা চেষ্টা করেছি যেন নির্বাচন টিকে থাকে,”— বলেন তিনি।
