স্টেকহোল্ডার ও গণমাধ্যম মালিকদের সঙ্গে আলোচনা চলছে, দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ আন্দালিব রহমান পার্থর। ছবি: সংগৃহীত
সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার, টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের মালিকদের সঙ্গে আলোচনা চলছে। আইন সংশোধনের মাধ্যমে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটি নিয়ে আমরা কাজ করছি। আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন সময় সংবাদমাধ্যমের মালিকদের সঙ্গেও কথা বলেছি।
তিনি বলেন, সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বসা হয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার মালিকদের সঙ্গে আলোচনা করে আইন সংশোধনের সম্ভাব্য দিকগুলো তুলে ধরা হয়েছে।
আন্দালিব রহমান পার্থ বলেন, আলোচনায় কীভাবে টেলিভিশন চ্যানেল ও পত্রিকার সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা যায়, পাশাপাশি সাধারণ মানুষও যেন সুরক্ষা পায়, সে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এ নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে। আশা করি, সামনে এ বিষয়ে ভালো কিছু আসবে।
দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে সন্তোষ
দুর্গাপূজা উপলক্ষে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে থেকেই তিনি এ বিষয়ে কথা বলে আসছেন। হিন্দু-মুসলমানসহ দেশের সব ধর্মের মানুষের জন্য যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে—এটি অত্যন্ত আনন্দের বিষয়।
তিনি বলেন, দুর্গাপূজা উদযাপনকারী হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেছেন। নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আশঙ্কা থাকলে তাঁদের সরকারের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।
মন্ত্রী বলেন, আমি যা দেখেছি—আলহামদুলিল্লাহ, কোনো ধরনের খারাপ কিছু দেখিনি। সবাই আনন্দমুখর পরিবেশে হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করছে।
সাংবাদিক হত্যার ঘটনায় প্রচলিত আইনেই ব্যবস্থা
নেত্রকোনায় সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, শুধু সাংবাদিক না, এটা যে কারোই যদি ঘটনা হয়ে থাকলে তাহলে প্রচলিত আইনে যা আছে সেভাবেই হবে।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতারা এবং স্থানীয় বিজেপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
