বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিটি করপোরেশনের ময়লার ট্রাকের নিচে পিষ্ট হয়ে ছাত্রদল-যুবদলের দুই নেতা নিহত

Link Copied!

আব্দুল কাদির জিলানী ও মো. মাসুম বিল্লাহ। নারায়ণগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় একটি কয়েল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই নেতা একটি মোটরসাইকেলে করে জালকুড়ি ঝুটপট্টি এলাকা অতিক্রম করছিলেন। এ সময় তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ড্রাম ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন। হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে স্লিপ করলে দুজনই ছিটকে পড়ে যান। মুহূর্তের মধ্যেই তারা ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও তাদের আর বাঁচানো সম্ভব হয়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ড্রাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

হাস্যোজ্জ্বল দুই তরুণ রাজনৈতিক কর্মীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।