মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: কুষ্টিয়ায় আসামিসহ ৯ লাখ টাকার ভারতীয় বিড়ি, সিলডেনাফিল ও চকলেট বাজি জব্দ

এস এম বাদল
মার্চ ২, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে এক আসামিকে আটক এবং বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি, সিলডেনাফিল ট্যাবলেট ও চকলেট বাজি জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। উদ্ধারকৃত পণ্যের মোট আনুমানিক সিজার মূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান, হাতে-নাতে আটক প্রক্রিয়া যেভাবে হয়েছে। গত ০১ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ ময়রামপুর পাকা সড়কে একটি চৌকস টহল দল অভিযান চালায়। এ সময় মোঃ ইসরাফিল বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়— ভারতীয় ৪২,৭৮০ প্যাকেট পাতার বিড়ি, ৮০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট, ১টি মোটরসাইকেল। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৪৩ হাজার ৯০০ টাকা। সীমান্তপথে অবৈধভাবে এসব পণ্য আনার সময়ই তাকে আটক করা হয় বলে জানায় বিজিবি সূত্র।

ভোরের অভিযানে মিলল মালিকবিহীন ‘চকলেট বাজি’
এর পরদিন ০২ মার্চ ভোর ৫টা ১৫ মিনিটে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ মন্ডলপাড়া মাঠ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ভারতীয় ১২,২৪০ পিস ‘চকলেট বাজি’। জব্দকৃত এসব বিস্ফোরক দ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৬ হাজার টাকা।

আইনানুগ ব্যবস্থা ও হস্তান্তর প্রক্রিয়ায়, আটক আসামিকে উদ্ধারকৃত ভারতীয় পাতার বিড়ি, সিলডেনাফিল ট্যাবলেট ও মোটরসাইকেলসহ গাংনী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে মালিকবিহীন অবস্থায় জব্দকৃত চকলেট বাজি বিধি মোতাবেক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি- কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, বিস্ফোরক দ্রব্য ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা তৎপর ও দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।