প্রতীকী ছবি
সুন্দরবনের খুলনা রেঞ্জের গোলাখালি খাল এলাকায় কোস্টগার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর গোলাগুলির ঘটনায় শওকত সরদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর প্রধান রবিউল ইসলাম ওরফে দুলাভাই গুলিবিদ্ধ হন। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে আহত অবস্থায় তাকে আটক করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শওকত সরদার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের মৃত এজাহার সরদারের ছেলে। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কোস্টগার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, সুন্দরবনে দু’পক্ষের গোলাগুলির ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তিনি বনদস্যু কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর প্রধান রবিউল ইসলাম ওরফে দুলাভাই গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে আটক করা হয়েছে। সুন্দরবনের ভেতরে কোস্টগার্ডের অভিযান এখনও চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
তেতুলতলারচর গ্রামের বাসিন্দা ইয়াসিন গাজী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তিনি একের পর এক গুলির শব্দ শুনতে পান। এতে নারী-পুরুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। রাতেই কয়েকটি পরিবার ছোট ছোট সন্তানদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন বলেন, প্রথমে ধারণা করা হয়েছিল দুই বনদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। তবে সকালে কোস্টগার্ডের উপস্থিতি দেখে মনে হয়েছে, বনদস্যুদের সঙ্গে কোস্টগার্ডের গুলি বিনিময়ের ঘটনাই ঘটেছে। এতে শওকত সরদার নামে এক জেলে নিহত হয়েছেন। কয়েকদিন আগে বনদস্যু দুলাভাই বাহিনী তাকে অপহরণ করেছিল বলেও দাবি করেন তিনি।
গ্রামবাসীদের ভাষ্য, দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলামের বাড়ি মহেশ্বরীপুর গ্রামে। দীর্ঘদিন ধরে বাহিনীটি সুন্দরবনে সক্রিয় রয়েছে। বনাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন দস্যু বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনাও প্রায়ই ঘটে। প্রথমে স্থানীয়রা এটিকেও তেমন একটি সংঘর্ষ ভেবেছিলেন। পরে এলাকায় কোস্টগার্ডের ব্যাপক তৎপরতা দেখে তারা নিশ্চিত হন, এটি কোস্টগার্ড ও বনদস্যুদের মধ্যে গোলাগুলির ঘটনা।
সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শরিফুল ইসলাম বলেন, রাতে গোলাগুলির খবর পেয়ে কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে। বর্তমানে অভিযান চলমান রয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে, ঘটনার বিষয়ে জানতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
