কাজল ও অজয় দেবগন
বলিউড অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজলের মুম্বাইয়ের জুহুতে অবস্থিত বাংলোর একাংশ ভেঙে দিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। অনুমতি ছাড়া নির্মাণকাজ চালানোর অভিযোগে কাজ বন্ধের নোটিশ দেওয়ার কয়েক দিন পর এই পদক্ষেপ নেওয়া হয়।
বাংলোটিতে সেলুন ও স্পা চালুর পরিকল্পনা ঘিরে স্থানীয় আবাসন সমিতির আপত্তির পর বিষয়টি নিয়ে বিরোধ তৈরি হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের জুহু এলাকার কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত বাংলোটির আয়তন ৭ হাজার ৮০২ বর্গফুট।
বিএমসির অভিযোগ, ভবনটিতে অভ্যন্তরীণ পরিবর্তন, পার্টিশন দেয়াল নির্মাণ, জানালায় পরিবর্তনসহ বিভিন্ন ধরনের কাঠামোগত কাজ প্রয়োজনীয় পৌর অনুমতি ছাড়াই করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের গত সেপ্টেম্বরের এক প্রতিবেদন অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন আইনের ৩৫৪এ ধারায় কাজ বন্ধের নোটিশ দেয় বিএমসি। নোটিশে অবিলম্বে নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রস্তাবিত সেলুন ও স্পা চালুর জন্য প্রয়োজনীয় বৈধ নথিপত্র জমা দিতে বলা হয়। তবে নোটিশ দেওয়ার পরও সেখানে নির্মাণকাজ চলছিল বলে অভিযোগ ওঠে। এরপরই ভাঙার পদক্ষেপ নেয় পৌর কর্তৃপক্ষ। এ বিষয়ে অভিযোগ জানায় কাপোল কো-অপারেটিভ হাউজিং সোসাইটি।
বাংলোটি বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ভাড়া দেওয়ার পরিকল্পনায় আপত্তি জানান সমিতির সদস্যরা। তাদের আশঙ্কা, সেলুন ও স্পা চালু হলে সেখানে মানুষের যাতায়াত বাড়বে। এতে আবাসিক এলাকার পার্কিং, নিরাপত্তা ও শব্দদূষণসংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে সোসাইটির ভেতরের সরু রাস্তায় অতিরিক্ত যানবাহন চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাসিন্দারা।
অজয় দেবগনের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে আছে রোহিত শেঠির জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল ৫’, ‘রেঞ্জার’ ও ‘চৌহান’।
সম্প্রতি মুক্তি ‘দৃশ্যম ৩’ বক্স অফিসে ভালো ব্যবসা করছে। প্রকাশিত হিসাব অনুযায়ী, মুক্তির ১৬ দিনে ভারতে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ৩৩৬ কোটি ৫৫ লাখ রুপি। সূত্র: আউটলুক ইন্ডিয়া
