শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বামীকে হত্যার পর ৯৯৯-এ ফোন, স্ত্রীর আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

ঘুমের ওষুধ খাইয়ে ইট দিয়ে মাথায় আঘাতের অভিযোগ, গ্রেপ্তারকৃত রেহেনা। ছবি সংগৃহীত

রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া এলাকায় স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে নিজেই আত্মসমর্পণের খবর দেন রেহেনা আক্তার (৪০) নামে ওই নারী। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে নন্দীপাড়া বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে রেহেনা আক্তার (৪০) ৯৯৯ নম্বরে ফোন করেন। ফোনে তিনি দাবি করেন, আগের রাতে তার স্বামী মাহফুজুর রহমান (৪০) কে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানোর পর ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন।

৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি সবুজবাগ থানাকে জানায়। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের পাশাপাশি স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।